ঢাকা ওয়াসার এমডি ড. মনিরুজ্জামান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৭:৪৬ পিএম
ঢাকা ওয়াসার এমডি ড. মনিরুজ্জামান

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ড.  মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জ্বালানি ও পরিবেশ বিষয়ে গবেষক। 

এর আগে পৃথক আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

পিএস

Link copied!